সংবাদ শিরোনাম

খুলনায় আবাসিক হোটেলে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী গ্রেপ্তার

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় আবাসিক হোটেলে  যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী গ্রেপ্তার

খুলনা ব্যুরো : 

খুলনা নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর কথিত স্ত্রী ফাতেমা (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা হত্যার কথা স্বীকার করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে নগরের সদর থানাধীন খানজাহান আলী সড়কের কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা বাবু নগরের লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার লোকমান ও প্রয়াত ফিরোজা বেগমের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ফাতেমা ও সোহেল স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ওই কক্ষ ভাড়া নেন। সোমবার রাত আড়াইটার দিকে ফাতেমা কক্ষ থেকে বের হয়ে হোটেলের কর্মীদের মালিককে ফোন করতে বলেন।

হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, একপর্যায়ে ফাতেমা তাঁর স্বামীকে হত্যা করার কথা জানান। পরে হোটেলের কর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

রাত ৩টা ৯ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সময় ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, কপোতাক্ষ হোটেলের একটি কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

তবে কী কারণে এবং কীভাবে সোহেলকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।