সংবাদ শিরোনাম

খুলনায় মাদক সেবনের আসামি ছাড়াতে গিয়ে গ্রেপ্তার শ্রমিক দল নেতা

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় মাদক সেবনের আসামি ছাড়াতে গিয়ে গ্রেপ্তার শ্রমিক দল নেতা

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় মাদকসেবনের অভিযোগে আটক দুই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে গিয়ে শ্রমিক দলের এক নেতা ও তাঁর সহযোগী গ্রেপ্তার হয়েছেন। পরে তাঁদের মদ্যপ অবস্থার অভিযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নিয়মিত মাদকবিরোধী অভিযানে পারভেজ শেখ (২৮) ও আব্দুল্লাহ (২৮) নামে দুই ব্যক্তিকে মাদকসেবনের অভিযোগে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

এর প্রায় আধা ঘণ্টা পর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সেক্রেটারি মোস্তফা শেখ দুলাল তাঁর সহযোগী শরিফুল ইসলাম এবং আরও কয়েকজনকে নিয়ে থানায় আসেন। পুলিশ বলছে, তাঁরা আটক ব্যক্তিদের মুক্তির চেষ্টা করেন এবং তাঁদের সঙ্গে দেখা করতে চান। কর্তব্যরত পুলিশ সদস্যরা এতে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশের ভাষ্য, একপর্যায়ে দুলাল দায়িত্বরত এসআই নাদিম মাহমুদের কাছে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এসআই তাতে অসম্মতি জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বললে দুলাল ও শরিফুল কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করেন। পরে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর দুলাল ও শরিফুলকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তাঁদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সহকারী পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Advertisement
Advertisement
Advertisement