সংবাদ শিরোনাম

খুলনায় মুদি দোকানদারকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় মুদি দোকানদারকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম

খুলনা ব্যুরো :

খুলনার লবনচরার ছোট বান্দা এলাকায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ীর ওপর কুড়াল দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর বাঁ হাতের কবজির নিচে গুরুতর জখম হয়েছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪ জুলাই শনিবার দুপুর ২টার দিকে ছোট বান্দা এলাকার মেসার্স রাসেল স্টোরের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. রাসেল (৪৫) ইসলামপাড়া প্রথম গলির বাসিন্দা। তিনি কাঞ্চনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল নিজ দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজনের মুখে মাস্ক থাকলেও অন্যদের মুখ খোলা ছিল। একপর্যায়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তাঁর বাঁ হাতের কবজির নিচে আঘাত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার পর স্বজনেরা রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে দুপুর আড়াইটার কিছু পর হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়।

হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্তের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement