সংবাদ শিরোনাম

পাঁচ মাস পর কবর থেকে কচির মরদেহ উত্তোলন

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন   |   খুলনা

পাঁচ মাস পর কবর থেকে কচির মরদেহ উত্তোলন

খুলনা ব্যুরো :

খুলনায় নির্বাচনী দায়িত্ব পালনকালে মারা যাওয়া মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচির (৬৩) মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পাঁচ মাস পর তাঁর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ৬ জুলাই সোমবার দুপুরে মহানগরীর টুটপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের পর পুনর্ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পর আদালত এ নির্দেশ দেন। মরদেহ উত্তোলনের সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় লোকজনও সেখানে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন খুলনা সদর উপজেলার আলিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালনকালে হামলার শিকার হন মহিবুজ্জামান কচি। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই ভিন্নমত রয়েছে। বিএনপি এটিকে হামলাজনিত মৃত্যু দাবি করলেও অপর পক্ষ হৃদ্‌রোগে স্বাভাবিক মৃত্যুর কথা বলে আসছে।

এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত করছে পিবিআই। তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে এবং তদন্তকে আরও গ্রহণযোগ্য করতে আদালতের অনুমতি নিয়ে পুনর্ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ওপর পরবর্তী আইনগত পদক্ষেপ নির্ভর করবে।

Advertisement
Advertisement
Advertisement