দেশের উন্নয়নে ব্রাকের অবদান উল্লেখযোগ্য ; কেসিসি প্রশাসক মঞ্জু
মাসুদ আল হাসান,খুলনা :
দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক অন্তর্ভুক্তিতে সংস্থাটির অবদান প্রশংসনীয়।
রোববার ৫ জুলাই বিকেলে খুলনায় ব্রাক ব্যাংকের স্যার ইকবাল রোড শাখায় ব্রাকের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের দূরদর্শী নেতৃত্বে সংস্থাটি দেশের উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিকাশ চালুর মাধ্যমে আর্থিক সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া দরিদ্র পরিবারের সদস্যদের জন্য সহজ শর্তে ঋণসুবিধা চালুর বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, গত ২৫ বছরে ব্রাক নারী শিক্ষা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, নিরাপদ পানির সরবরাহ, জলবায়ু সহিষ্ণু কৃষি, বৃক্ষরোপণ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে। এ সময় সংস্থাটির উদ্যোগে ২৫ হাজার বৃক্ষরোপণ এবং প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থানে ভূমিকা রাখার তথ্য তুলে ধরা হয়। এছাড়া ২০২৪–২৫ অর্থবছরে দেশের মোট রেমিট্যান্সের ৭ শতাংশ ব্রাক ব্যাংকের মাধ্যমে এসেছে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাক ব্যাংকের আঞ্চলিক প্রধান আল আমিন শেখ। সাউথ জোনের ক্লাস্টার ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।