সংবাদ শিরোনাম

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল করোনারি এনজিওপ্লাস্টি, চিকিৎসাসেবায় নতুন দিগন্ত

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন   |   জাতীয়

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল করোনারি এনজিওপ্লাস্টি, চিকিৎসাসেবায় নতুন দিগন্ত

ডেক্স নিউজ: 

বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম হাসপাতালটির ক্যাথ ল্যাবে সফলভাবে করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে, যা হৃদরোগ চিকিৎসায় হাসপাতালটির সক্ষমতার নতুন অধ্যায়ের সূচনা করেছে।

রোববার (৫ জুলাই) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই জটিল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন পুলিশ সদস্যের হৃদপিণ্ডে করোনারি এনজিওপ্লাস্টি করা হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

চিকিৎসাবিজ্ঞানে করোনারি এনজিওপ্লাস্টি এমন একটি আধুনিক পদ্ধতি, যার মাধ্যমে হৃদপিণ্ডের ব্লক হয়ে যাওয়া ধমনিতে একটি ক্ষুদ্র ব্যালুন প্রবেশ করিয়ে রক্তপ্রবাহ স্বাভাবিক করা হয়। প্রয়োজনে ধমনিতে স্টেন্টও স্থাপন করা হয়, যা দীর্ঘমেয়াদে রক্ত চলাচল সচল রাখতে সহায়তা করে।

এই সেবা চালুর ফলে এখন থেকে বাংলাদেশ পুলিশের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অত্যাধুনিক হৃদরোগ চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার, দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি এবং বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement