ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই, ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যবই প্রস্তুতের নির্দেশ
ডেক্স নিউজ:
আগামী শিক্ষাবর্ষ
শুরুর আগেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি
নিয়েছে সরকার। বছরের প্রথম দিনের অপেক্ষা না করে ডিসেম্বর মাসেই নতুন বই বিতরণের
পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যবই মুদ্রণ ও
প্রস্তুতের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই)
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী
বলেন, ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের
বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত
সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাজ এগিয়ে নিতে
বলা হয়েছে।
তিনি জানান,
পাঠ্যবই ছাপানোর জন্য দরপত্র কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। আগামী আগস্টের প্রথম
সপ্তাহের মধ্যে সব কার্যাদেশ প্রদান সম্পন্ন হবে। এরপরই দায়িত্বপ্রাপ্ত প্রকাশনা
প্রতিষ্ঠানগুলো বই মুদ্রণের কাজ শুরু করবে।
মন্ত্রী আরও বলেন,
নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে শিক্ষা
মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সমন্বিতভাবে কাজ
করছে। মুদ্রণ থেকে বিতরণ—প্রতিটি ধাপ
নিবিড়ভাবে তদারকি করা হবে, যাতে কোনো ধরনের বিলম্ব না ঘটে।
এদিকে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিদ্যমান শিক্ষাক্রমে কিছু পরিমার্জনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এসব পরিবর্তনের বিস্তারিত বিষয় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।