রামপালে র্যাবের অভিযানে গাঁজা উদ্ধারসহ যুবক গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
৭ জুলাই মঙ্গলবার র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার যুবকের নাম ইব্রাহিম তালুকদার (২১)। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফয়লা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইব্রাহিম তালুকদারের হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।