সংবাদ শিরোনাম

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আরও কার্যকর করার আহ্বান তথ্যমন্ত্রীর

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন   |   জাতীয়

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আরও কার্যকর করার আহ্বান তথ্যমন্ত্রীর

ঢাকা, ৭ জুলাই ২০২৬:

দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে বীমা খাতকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জনবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, আধুনিক অর্থনীতিতে বীমা কেবল আর্থিক সুরক্ষার মাধ্যম নয়, বরং বিনিয়োগ ও উদ্যোক্তা বিকাশের অন্যতম চালিকাশক্তি।

মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ উপাদান এখনো পুরোপুরি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না। এর মধ্যে বীমা খাত অন্যতম। এই খাতকে সুশাসন, কার্যকর নীতিমালা এবং শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে পরিচালিত করা গেলে সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, বর্তমান সরকার শুধু রাষ্ট্র পরিচালনার জন্য নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণে দীর্ঘদিনের বিভিন্ন কাঠামোগত সমস্যার সংস্কার ও সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করছে। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, রাজস্ব ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা, অর্থ পাচার প্রতিরোধ এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

জহির উদ্দিন স্বপনের ভাষ্য, ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তাবোধ থাকলে মানুষ বিনিয়োগ এবং নতুন উদ্যোগ গ্রহণে বেশি উৎসাহী হয়। সেই নিরাপত্তা নিশ্চিত করতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বীমার আওতায় আনতে প্রয়োজনীয় আইন, বিধিমালা ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, খাতটির বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত অর্থমন্ত্রীর কাছে বাস্তবসম্মত সুপারিশ উপস্থাপন করতে হবে। পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয় করে এমন নীতিগত ও আইনি সংস্কার এগিয়ে নিতে হবে, যাতে বীমা খাত আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনআস্থাসম্পন্ন হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

Advertisement
Advertisement
Advertisement