সংবাদ শিরোনাম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন   |   জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউইয়র্ক, ৭ জুলাই:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্য মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য নেতৃত্বস্থানীয় পদ বৃদ্ধি এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন কামনা করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয় তুলে ধরেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) র‌্যাপিড ডিপ্লয়মেন্ট পর্যায়ে উন্নীত করা, আরও বাংলাদেশি অফিসার নিয়োগ এবং বর্তমান ও ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি এফপিইউ অন্তর্ভুক্তির আহ্বান জানান। একই সঙ্গে তিনি জাতিসংঘ সদর দপ্তর ও ফিল্ড মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদে নিয়োগের অনুরোধ করেন।

জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়া শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের প্রশংসা করে প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ সদস্য পাঠাতে বাংলাদেশের প্রস্তুতিকে স্বাগত জানান। পাশাপাশি বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন।

অপর বৈঠকে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারের সঙ্গে হাইতিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট মোতায়েন, সরঞ্জাম, পরিবহন, রি-ইম্বার্সমেন্ট, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারী শান্তিরক্ষীদের জন্য অবকাঠামো ও লজিস্টিক সহায়তা নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের জন্য প্রয়োজনীয় অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।

Advertisement
Advertisement
Advertisement