খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক
খুলনা ব্যুরো :
খুলনা রেলস্টেশন থেকে প্রায় এক কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মাসুদ মোল্লা নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, ৯ জুলাই বৃহস্পতিবার সকালে খুলনা রেলস্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। আটক মাসুদ মোল্লার বাড়ি নড়াইল জেলার নড়াগাতী এলাকায়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজারদর অনুযায়ী এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ দাবি করেছেন, তিনি ঢাকা থেকে খুলনায় এসে পরে ট্রেনে নড়াইলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাঁর বক্তব্য এবং উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।
রেলওয়ে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) যাচাই করা হচ্ছে। আগের মামলাটিও স্বর্ণ চোরাচালান বা এ ধরনের অপরাধসংক্রান্ত কি না, সেটিও তদন্তে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে আটক ব্যক্তিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে স্বর্ণের উৎস, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা অনুসন্ধান করা হবে।
এ ছাড়া অভিযানের সময় আটক ও তল্লাশির পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্র সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।