ট্রাম্পকে ৫ মিলিয়ন ডলার দিতেই হবে এখন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন আইনি ধাক্কা। আদালতের নির্দেশে লেখিকা ই. জিন ক্যারলকে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণের অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। ট্রাম্প অর্থ প্রদান বিলম্বিত করার চেষ্টা করলেও আদালত তা নাকচ করে দিয়েছে।
বুধবার ফেডারেল বিচারক লুইস ক্যাপলান রায় দেন, ট্রাম্প জমা রাখা ৫০ লাখ ডলার ই. জিন ক্যারলকে দেওয়া হবে। ট্রাম্প চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট তার পুনর্বিবেচনার আবেদন গ্রহণ ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ ছাড় না দেওয়া হোক। তবে বিচারক সেই আবেদন গ্রহণ করেননি।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই আবেদন খারিজ করে দেয়, যেখানে তিনি জুরির দেওয়া রায় চ্যালেঞ্জ করেছিলেন। এরপর সোমবার তিনি পুনর্বিবেচনার জন্য নতুন আবেদন করেন। তবে বিচারকের সর্বশেষ সিদ্ধান্তে সেই প্রক্রিয়া অর্থ ছাড়ে বাধা হতে পারেনি। ট্রাম্প ইতোমধ্যে এই আদেশের বিরুদ্ধেও আপিল করার নোটিশ দিয়েছেন।
ট্রাম্পের আইনজীবীদের দাবি ছিল, অর্থ ছাড়ে সাময়িক বিলম্ব হলে ক্যারলের কোনো ক্ষতি হবে না, কারণ সুদসহ অর্থ পরিশোধ করা সম্ভব। কিন্তু ট্রাম্পের অপূরণীয় ক্ষতি হতে পারে, কারণ ক্যারল আগেই বলেছেন তিনি ট্রাম্পের কাছ থেকে পাওয়া সব অর্থ দান করে দেবেন। একবার সেই অর্থ অন্যদের কাছে চলে গেলে তা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হবে বলেও যুক্তি দেন তারা।
অন্যদিকে, এই মামলাটি ই. জিন ক্যারলের করা দুটি মামলার একটি। জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলেছিল। এছাড়া ২০২২ সালে ট্রাম্পের করা মানহানিকর মন্তব্যের আরেকটি মামলায় ক্যারলের পক্ষে ৮ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণও নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ওই রায়ও তিনি চলতি মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন। সূত্র: সিএনএন