তুরস্কে স্যাম্প-টি ক্ষেপণাস্ত্র বিক্রিতে ফ্রান্সের সবুজ সংকেত
আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্স, ইতালি ও তুরস্কের মধ্যে বহুদিন ধরে আটকে থাকা স্যাম্প-টি (SAMP-T) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এ বিষয়ে তিন দেশের মধ্যে কারিগরি কাজ চলছে এবং আলোচনা এগিয়ে যাচ্ছে। এতে তুরস্কের জন্য অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স, ইতালি ও তুরস্ক যৌথভাবে স্যাম্প-টি নিয়ে কারিগরি পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের আপত্তি সরিয়ে এবার তুরস্কের কাছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে ফ্রান্স।
এর আগে ২৫ জুন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠকের পর এ বিষয়ে নতুন গতি আসে। বুধবার এরদোয়ানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ম্যাক্রোঁ। বৈঠক শেষে তিনি আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে এরদোয়ান বলেন, তুরস্ক ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর সময় এসেছে এবং সব ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে আঙ্কারা কাজ চালিয়ে যাবে।
গত সপ্তাহে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের জানান, দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট কিংবা ইউরোপের স্যাম্প-টি—সব বিকল্পই বিবেচনায় রয়েছে। তিনি বলেন, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগ থাকলে তুরস্ক সহযোগিতায় আগ্রহী এবং এ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সময় সময় আলোচনা হচ্ছে।
ফ্রান্স, ইতালি ও তুরস্ক ২০১৭-১৮ সালে স্যাম্প-টি যৌথ উন্নয়ন ও উৎপাদনের উদ্যোগ নেয়। তবে সিরিয়া, লিবিয়া এবং পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে আঙ্কারা ও প্যারিসের সম্পর্কের অবনতির কারণে প্রকল্পটি থেমে যায়। বর্তমানে ইউরোপের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত স্যাম্প-টি তৈরি করে ফ্রান্স-ইতালির ইউরোস্যাম কনসোর্টিয়াম। এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করতে পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতাও রয়েছে বলে দাবি করা হয়।
ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক কয়েক বছর ধরেই নিজস্ব বহুপদক্ষেপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘স্টিল ডোম’ গড়ে তুলছে। একই সঙ্গে আধুনিক বিদেশি প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের অবস্থান বদলালে স্যাম্প-টি নিয়ে তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির পথ আরও সহজ হতে পারে।