সংবাদ শিরোনাম

ন্যাটোতে ড্রোন জোট চায় তুরস্কের বায়কার এখন

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ন্যাটোতে ড্রোন জোট চায় তুরস্কের বায়কার এখন

আন্তর্জাতিক ডেস্ক:

আধুনিক যুদ্ধের চেহারা দ্রুত বদলে দিচ্ছে ড্রোন প্রযুক্তি। এই বাস্তবতায় ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে প্রতিযোগিতার বদলে যৌথভাবে ড্রোন উন্নয়ন ও উৎপাদনের আহ্বান জানিয়েছে তুরস্কের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার। তাদের মতে, একসঙ্গে কাজ করলে সময়, খরচ ও সক্ষমতা—সব দিকেই বড় সুবিধা মিলবে।

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বায়কারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হালুক বায়রাকতার বলেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের চাহিদা দ্রুত বাড়ছে। তাই উন্নয়ন, উৎপাদন এবং সরবরাহ—সব ক্ষেত্রেই গতি বাড়াতে ন্যাটো সদস্যদের মধ্যে শিল্প সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি জানান, বায়কারের মতো বড় প্রতিষ্ঠানগুলো বাজারে চাহিদা তৈরি হওয়ার আগেই উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করে। তবে নতুন স্টার্টআপগুলোর জন্য শক্তিশালী বাজার সংকেত ও অর্থায়ন জরুরি। বর্তমানে বায়কার বিশ্বের সবচেয়ে বড় ইউএভি (মানববিহীন আকাশযান) রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি এবং ন্যাটোর কয়েকটি সদস্য দেশসহ মোট ৪০টি দেশে তাদের ড্রোন রপ্তানি হচ্ছে।

হালুক বায়রাকতার ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দোর সঙ্গে গড়ে তোলা যৌথ উদ্যোগ লিওনার্দো বায়কার অ্যারোস্পেস সিস্টেমস (এলবিএ সিস্টেমস)-কে ভবিষ্যৎ সহযোগিতার আদর্শ মডেল হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, এই ধরনের অংশীদারিত্বের উদ্দেশ্য পুরোনো প্রযুক্তি ভাগাভাগি নয়, বরং উভয় প্রতিষ্ঠানের বিদ্যমান সক্ষমতার ওপর ভিত্তি করে নতুন প্রযুক্তি ও নতুন মেধাস্বত্ব তৈরি করা।

তিনি আরও বলেন, প্রতিটি দেশেরই প্রথম-ব্যক্তি ভিউ (FPV) ড্রোন উৎপাদনের সক্ষমতা থাকা উচিত, কারণ এগুলো এখন যুদ্ধক্ষেত্রে গোলাবারুদের মতো গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধবিমান-শ্রেণির উন্নত ড্রোন তৈরিতে আন্তর্জাতিক জোট ও যৌথ বিনিয়োগই সবচেয়ে কার্যকর পথ।

বায়রাকতার জানান, গত দুই দশকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে বড় পরিবর্তন এসেছে। ২০০২ সালে যেখানে প্রতিরক্ষা খাতে মাত্র ১৭টি প্রতিষ্ঠান ছিল, এখন সেই সংখ্যা ৩ হাজারেরও বেশি। একই সময়ে প্রতিরক্ষা রপ্তানি ২৫ কোটি ডলার থেকে বেড়ে বছরে ১০ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। তাঁর দাবি, বর্তমানে তুরস্ক এক সপ্তাহেই প্রায় ৪৫ কোটি ডলারের প্রতিরক্ষা পণ্য রপ্তানি করছে।

Advertisement
Advertisement
Advertisement