সংবাদ শিরোনাম

পুরোনো তথ্যেই ইরান স্কুলে হামলা, জানত মার্কিন কমান্ডাররা

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

পুরোনো তথ্যেই ইরান স্কুলে হামলা, জানত মার্কিন কমান্ডাররা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে ভয়াবহ এক ভুল হামলার পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সামরিক কমান্ডাররা নাকি জানতেন, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তথ্য বহু বছরের পুরোনো এবং যাচাই প্রয়োজন—তবুও সেই তথ্য ব্যবহার করে হামলার অনুমোদন দেওয়া হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন (CNN)-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হরমুজগান প্রদেশের মিনাব এলাকায় একটি স্কুলে হামলার আগে মার্কিন সামরিক বাহিনীর টার্গেটিং সিস্টেমে পুরোনো গোয়েন্দা তথ্যের সতর্কবার্তা ছিল। কিন্তু দ্রুত হামলার লক্ষ্য নির্ধারণের চাপের কারণে সেই সতর্কতা পাশ কাটানো হয় বলে তিনটি সূত্র জানিয়েছে।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি চালানো ওই হামলায় ইরানের শাজারে তাইয়েবা স্কুল ধ্বংস হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে অন্তত ১৬৮ শিশু ও ১৪ শিক্ষক নিহত হন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানে এটি অন্যতম ভয়াবহ বেসামরিক প্রাণহানির ঘটনা হয়ে দাঁড়ায়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার আগে মার্কিন সামরিক গোয়েন্দা ডাটাবেসে অনেক লক্ষ্যবস্তুর তথ্য ১০ বছরেরও বেশি পুরোনো ছিল। স্কুলের পাশের ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) স্থাপনাটির তথ্যও পুরোনো ছিল। ২০১৬ সালের স্যাটেলাইট ছবিতে দেখা যায়, স্কুল ও সামরিক স্থাপনার মাঝে আলাদা বেড়া তৈরি করা হয়েছিল এবং স্কুলের জন্য পৃথক প্রবেশপথও ছিল।

সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর আগে দ্রুত হাজারো লক্ষ্যবস্তুর তথ্য হালনাগাদ করতে গিয়ে মার্কিন কর্মকর্তারা প্রথমে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ চলমান লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দেন। স্থায়ী স্থাপনাগুলোকে কম গুরুত্বপূর্ণ ধরে অনেক তথ্য নতুন করে যাচাই করা হয়নি।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ঘটনাটির তদন্ত এখনো চলছে। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর দায়িত্বে থাকা বিশেষ টিমের জনবলও আগে কমিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে লক্ষ্য নির্ধারণের সময় ভুলের ঝুঁকি বেড়েছিল বলে কয়েকটি সূত্র দাবি করেছে।

সূত্র: সিএনএন

Advertisement
Advertisement
Advertisement