সংবাদ শিরোনাম

ফারাজের নাটকীয় পদত্যাগে ব্রিটিশ রাজনীতিতে নতুন ঝড় কেন উঠল

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ফারাজের নাটকীয় পদত্যাগে ব্রিটিশ রাজনীতিতে নতুন ঝড় কেন উঠল

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ। সংসদ সদস্য (এমপি) পদ থেকে হঠাৎ পদত্যাগ করে তিনি আবারও একই আসন থেকে উপনির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের পেছনে রয়েছে কয়েকটি বড় অঘোষিত অনুদান নিয়ে তদন্ত, যা এখন দেশজুড়ে তুমুল আলোচনার বিষয়।

ফারাজের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের নির্বাচনের আগে তিনি কয়েকটি বড় অঙ্কের অনুদান গ্রহণ করলেও সেগুলো যথাযথভাবে ঘোষণা করেননি। এর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযোগ হলো, থাইল্যান্ডভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ধনকুবের ক্রিস্টোফার হারবর্নের কাছ থেকে পাওয়া ৫০ লাখ পাউন্ড (প্রায় ৬৭ লাখ মার্কিন ডলার) অনুদান। বিষয়টি এখন পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডস তদন্ত করছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রতারক ও ক্রিপ্টো উদ্যোক্তা জর্জ কটরেলের কাছ থেকেও নিরাপত্তা ও জনবল খাতে সহায়তা পাওয়ার অভিযোগ উঠেছে।

তবে ফারাজ সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং হারবর্নের দেওয়া অর্থ ছিল ব্যক্তিগত উপহার, যা তিনি এমপি নির্বাচিত হওয়ার আগেই পেয়েছিলেন। তিনি বলেন, “আমার কর্মকাণ্ডের বিচার করবে ক্ল্যাকটনের জনগণ।” তাই তিনি পদত্যাগ করে নতুন করে জনগণের রায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফারাজের এই সিদ্ধান্তকে ক্ষমতাসীন লেবার পার্টি, কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট—তিন প্রধান দলই রাজনৈতিক কৌশল বা “স্টান্ট” বলে আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, ফারাজের ডাকা এই উপনির্বাচনে তারা কোনো প্রার্থী দেবে না। তবে ফারাজ পুনর্নির্বাচিত হলেও তাঁর বিরুদ্ধে চলমান তদন্ত আবার শুরু হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তিনি সাময়িক বরখাস্ত হতে পারেন এবং সেক্ষেত্রে আবারও উপনির্বাচনের মুখে পড়তে পারেন।

রিফর্ম ইউকে অবশ্য আত্মবিশ্বাসী। দলটির দাবি, উপনির্বাচনে ফারাজ আরও বড় ব্যবধানে জিতবেন এবং এতে প্রমাণ হবে যে ব্রিটেনের মানুষ এখনও তাঁর ওপর আস্থা রাখে। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ক্ল্যাকটন আসনে ফারাজ ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement