সংবাদ শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছয় ফিলিস্তিনি

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছয় ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় ফের রক্তপাত। ইসরায়েলি হামলা ও গুলিতে মঙ্গলবার অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও হামলা অব্যাহত থাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসের মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এক ব্যক্তি নিহত এবং দুই শিশু আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাটি হামাসের এক সদস্যকে লক্ষ্য করে চালানো হয়।

এছাড়া পশ্চিম গাজা সিটির একটি তাঁবু ক্যাম্পের কাছে চালানো আরেক হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। খান ইউনিসে অন্য এক হামলায় আরও একজন নিহত এবং তিনজন আহত হন। পপুলার রেজিস্ট্যান্স কমিটিজ জানিয়েছে, ওই হামলায় তাদের জ্যেষ্ঠ নেতা ওয়াহিদ আবু সালেম নিহত হয়েছেন।

রাফাহ এলাকায় ইসরায়েলি গুলিতে একজন ফিলিস্তিনি নিহত ও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা। একই দিনে গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে বিমান হামলায় আরও দুইজন নিহত হন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরও গাজায় বারবার হামলা হয়েছে। ইসরায়েল বলছে, তারা হামাসের সদস্যদের লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে। অন্যদিকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

দুই পক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর গত আট মাসে গাজায় ১,০৭০ জনের বেশি ফিলিস্তিনি এবং চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক।

ইসরায়েলি সেনারা বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের হামলা ঠেকাতে ওই এলাকা থেকে তারা সরে যাবে না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হন। এরপর গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Advertisement
Advertisement
Advertisement