সংবাদ শিরোনাম

মোদির বিদেশি পুরস্কার ঘিরে বাড়ছে নতুন বিতর্ক

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

মোদির বিদেশি পুরস্কার ঘিরে বাড়ছে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর মানেই যেন নতুন কোনো সম্মাননা। তবে এবার সেশেলসে পাওয়া একটি নতুন পুরস্কারকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। কারণ, মোদিকে দেওয়া সেই সম্মাননার সনদেই ছিল একাধিক বানান ভুল, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গন—সবখানেই চলছে বিতর্ক।

২৭ থেকে ২৯ জুন সেশেলস সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে পরিচিত ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি মোদির সফরের আগেই বিশেষভাবে তৈরি করা হয়। তবে পরে প্রকাশিত সনদে ‘Republic of Seychelles’-এর পরিবর্তে ‘Repubblic of Seycheeles’ লেখা থাকায় তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিরোধীরা এটিকে তড়িঘড়ি করে তৈরি করা একটি উদ্যোগ বলে কটাক্ষ করেন।

সমালোচনার জবাবে সেশেলসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সনদটি ছিল কেবল একটি ‘ওয়ার্কিং ড্রাফট’, চূড়ান্ত কপি নয়। একই সঙ্গে তারা স্পষ্ট করে যে, ‘Guardian of the Blue Horizon’ সম্মাননা সম্পূর্ণ আসল এবং মোদিকে আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে। দেশটির মন্ত্রিসভা মোদির সফরের মাত্র কয়েক দিন আগে এই পুরস্কারের অনুমোদন দেয়।

গত ১২ বছরে বিদেশ সফরে মোদি ৩০টিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। চলতি সপ্তাহেই ইন্দোনেশিয়া তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ প্রদান করেছে। এর আগে জুনে স্লোভাকিয়া তাকে ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস, ফার্স্ট ক্লাস’ সম্মাননায় ভূষিত করে। যদিও এটি নতুন কোনো পুরস্কার নয়, অতীতে পোল্যান্ড ও অস্ট্রিয়ার সাবেক রাষ্ট্রপ্রধানরাও এই সম্মান পেয়েছেন। তবে ফেব্রুয়ারিতে ইসরায়েল সফরের সময় মোদিকে দেওয়া ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’ বিশেষভাবে তার জন্যই তৈরি করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে মোদি জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার এবং ২০১৯ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ পান। একই বছর তিনি ‘ফিলিপ কটলার প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড’-ও গ্রহণ করেন, যদিও এরপর আর কোনো বিশ্বনেতাকে এই পুরস্কার দেওয়া হয়নি।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এসব সম্মাননা ভারতের আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হতে পারে। তবে অন্যদের দাবি, নতুন নতুন পুরস্কার তৈরি করে মোদিকে সম্মান জানানো মূলত তার ব্যক্তিগত ভাবমূর্তি শক্তিশালী করার প্রচেষ্টা। তাদের মতে, সেশেলসের সাম্প্রতিক ঘটনাটি দেখিয়েছে যে এমন উদ্যোগ কখনও কখনও সম্মানের চেয়ে বিতর্কই বেশি তৈরি করে।

Advertisement
Advertisement
Advertisement