বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই):
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বাদ দিয়ে নয়, বরং তাদের সমান অংশীদার হিসেবে সঙ্গে নিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গতকাল এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস-২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশের প্রতিটি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি করে মডেল স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে পাঠদানের জন্য শিক্ষকদের বিশেষায়িত প্রশিক্ষণ নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি সাভারে ১২ একর জমির ওপর নির্মাণাধীন অলিম্পিক ভিলেজে এসব শিশুর জন্য খেলাধুলা, প্রশিক্ষণ ও বিকাশমূলক নানা কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হচ্ছে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান প্রদানকারীরা কর রেয়াতের (ট্যাক্স রিবেট) সুবিধা পান। তিনি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজে মানবিক দৃষ্টিভঙ্গি ও সচেতনতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিষয়টি কেবল প্রশাসনিক বা প্রযুক্তিনির্ভর নয়; এটি গভীর মানবিক দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। সরকারের উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আরও সহজে সমাজের মূলধারায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের জীবনসংগ্রামের অভিজ্ঞতা শোনেন। এছাড়া শিশুদের পরিবেশনায় একক ও দলীয় সংগীত এবং নৃত্যানুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য, প্রায় এক দশক ধরে এটিএন নিউজ ‘পাওয়ার প্যারেন্টস’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করে আসছে, যার উদ্দেশ্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। এ বছরের আয়োজনে ছয়জন অভিভাবক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে উল্লেখযোগ্য অবদান রাখা একটি প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।