ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ঢাকা-ম্যানিলার আলোচনা
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিভিন্ন
খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে আলোচনা করেছেন দুই দেশের
পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে নার্সিং খাতে সহযোগিতা বৃদ্ধি, চিকিৎসা পর্যটনের জন্য
ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক
স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়।
শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব
এশিয়ার মৈত্রী
ও সহযোগিতা চুক্তি (টিএসি)-সংক্রান্ত সম্মেলনের ফাঁকে বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টেস লাজারোর
মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. খলিলুর রহমান আসিয়ানের
খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার লক্ষ্যে বাংলাদেশের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন।
একই সঙ্গে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত
করতে বর্তমান আসিয়ান চেয়ারম্যান ফিলিপাইনের সক্রিয় সমর্থন কামনা করেন।
আলোচনায় দুই মন্ত্রী বাংলাদেশ ও
ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ
করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, মানবসম্পদ উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং জনগণের
পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আশাবাদ
ব্যক্ত করেন।
উভয় পক্ষ ভবিষ্যতে নিয়মিত কূটনৈতিক সংলাপ অব্যাহত রেখে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয়ও ব্যক্ত করেন।