সংবাদ শিরোনাম

কুয়েটে অ্যালামনাই সম্মেলন, উন্নয়নের অংশীদার হওয়ার প্রত্যয়

 প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে অ্যালামনাই সম্মেলন, উন্নয়নের অংশীদার হওয়ার প্রত্যয়

খুলনা ব্যুরো

দীর্ঘদিন পর নানা ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে উঠল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬–এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৬০০ প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গবেষণা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় অ্যালামনাইদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, গবেষণা ও একাডেমিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। পাশাপাশি কুয়েটকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও জানান।

উপাচার্য বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় শক্তি। তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হলে কুয়েটের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।


সম্মেলনে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে একত্র হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গবেষণা এবং শিক্ষার মানোন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা কুয়েটকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তাঁরা স্মৃতিচারণ, মতবিনিময় এবং বিভিন্ন অনানুষ্ঠানিক আয়োজনে অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement