ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান
খুলনা ব্যুরো :
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে উদ্ধার অভিযান শুরু হয়।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বর্ণা মশরহাটি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, দুই দিন আগে তিনি স্বামী রবিউল ইসলামের বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুরে তারা একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। এরপর তাঁকে আর দেখা যায়নি।
খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল এবং নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।