খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী আহত
খুলনা ব্যুরো :
খুলনা নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এক মোবাইল সার্ভিসিং ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর থানার ডাকবাংলা পিকচার প্যালেস মোড়ের হাজী মাহাতাব চেম্বারে এ ঘটনা ঘটে।
আহত রাজ সর্দার তুহিন (৪৫) ওই ভবনের ‘গুড অ্যান্ড বেস্ট টেলিকমস’-এর মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী। ঘটনার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তুহিনের দাবি, ঘটনার সময় তিনি দোকানে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল দোকানে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। হামলার সময় তিনি অচেতন হয়ে পড়েন বলে জানান।
তুহিনের ভাষ্য, কয়েক মাস আগে এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় তাঁর বড় ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে এবং সে ঘটনায় একটি মামলা রয়েছে। ওই ঘটনার জের ধরেই তাঁর ওপর এ হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে ঘটনার বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পূর্বের একটি মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হবে।