সংবাদ শিরোনাম

পূর্ব সুন্দরবনে মাছের প্রজনন মৌসুমে অভিনব উদ্যোগ; কাঠের বেড়া নির্মাণ

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন   |   খুলনা

পূর্ব সুন্দরবনে মাছের প্রজনন মৌসুমে অভিনব উদ্যোগ; কাঠের বেড়া নির্মাণ


খুলনা ব্যুরো :

মাছের প্রজনন মৌসুমে পূর্ব সুন্দরবনের মৎস্য অভয়ারণ্যে চোরাশিকার ঠেকাতে গুরুত্বপূর্ণ ১০টি ভাড়ানী খালের মুখ কাঠের বেড়া দিয়ে বন্ধ করেছে বন বিভাগ। ১ জুলাই থেকে শুরু হওয়া তিন মাসের নিষেধাজ্ঞার অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগে অবৈধ অনুপ্রবেশ কমার পাশাপাশি মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ফল মিলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন বিভাগ জানায়, সুন্দরবনের অভ্যন্তরে ছড়িয়ে থাকা খালগুলোর প্রধান সংযোগপথ হিসেবে ব্যবহৃত ভাড়ানী খাল দিয়েই সাধারণত চোরাশিকারিরা অভয়ারণ্যে প্রবেশ করত। এবার চাঁদপাই রেঞ্জের আটটি এবং শরণখোলা রেঞ্জের দুটি—মোট ১০টি ভাড়ানী খালের মুখে কাঠের খুঁটির মজবুত বেড়া নির্মাণ করা হয়েছে। এভাবে নির্মাণ করা হয়েছে যাতে পানির প্রবাহ ও মাছের চলাচল স্বাভাবিক থাকলেও কোনো নৌযান প্রবেশ করতে না পারে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ এবং সব ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি গোপনে নৌকা নিয়ে প্রবেশ করে বিষ, জাল ও ‘চড়গড়া’ পদ্ধতিতে মাছ শিকার করত। নতুন এই ব্যবস্থা সেই অনুপ্রবেশ কার্যকরভাবে রোধ করছে।

স্থানীয় জেলেদের ভাষ্য, খালের মুখ বন্ধ থাকায় প্রজনন মৌসুমে মা মাছ নিরাপদে ডিম ছাড়তে পারছে। এতে ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরাও দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ভাড়ানী খালের মুখ বন্ধ করার পর অবৈধ প্রবেশ ও অপরাধ কমেছে। একই সঙ্গে মাছের প্রজনন বৃদ্ধি এবং সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। বিষ দিয়ে মাছ ধরা ও বিক্রি বন্ধে সুন্দরবন-সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement