ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ
খুলনা ব্যুরো :
পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে খুলনায় বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার ১৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবিও জানান তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। টানা বৃষ্টিতে কেউ দুর্ঘটনার শিকার হয়েছেন, কারও প্রবেশপত্র নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় না নিয়ে তাঁদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা শিববাড়ী মোড় ত্যাগ করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে চলে যান। পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।