সংবাদ শিরোনাম

নির্বাচনের আগে বাবার সঙ্গে দেখা নিষিদ্ধ ফ্লাভিওর

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

নির্বাচনের আগে বাবার সঙ্গে দেখা নিষিদ্ধ ফ্লাভিওর

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে তার ছেলে ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারোর সাক্ষাৎ ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ আদালত। সামাজিক মাধ্যমে বাবার হাতে লেখা একটি চিঠি প্রকাশ করে গৃহবন্দি বলসোনারোর ওপর আরোপিত শর্ত ভঙ্গের অভিযোগে সোমবার এ আদেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস।

আদালতের আদেশ অনুযায়ী, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফলে নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ সময়ে বাবার সঙ্গে দেখা করতে পারবেন না ফ্লাভিও বলসোনারো।

আদালতের নির্দেশে বলা হয়, জাইর বলসোনারো গৃহবন্দি থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বা তৃতীয় পক্ষের মাধ্যমে জনসাধারণের কাছে বার্তা পৌঁছাতে পারবেন না। কিন্তু ফ্লাভিও একটি লাইভ সম্প্রচারে বাবার হাতে লেখা চিঠি পড়ে শোনান, যা আদালতের আরোপিত শর্তের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

এ ঘটনায় জাইর বলসোনারোর আইনজীবীদের ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালত জানতে চেয়েছে, চিঠিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে—এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট আগে থেকেই অবগত ছিলেন কি না।

চিঠিতে জাইর বলসোনারো তার রাজনৈতিক মিত্রদের পারস্পরিক মতপার্থক্য ভুলে গিয়ে ছেলে ফ্লাভিওর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফ্লাভিও বলসোনারো আদালতের এ সিদ্ধান্তকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, বিচারপতি মোরায়েস নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছেন। অন্যদিকে ফ্লাভিওর নির্বাচনী প্রচারণা দলের এক আইনজীবী দাবি করেন, এ আদেশ ‘অবৈধ ও অসাংবিধানিক’। তার ভাষ্য, এতে একজন ছেলে এবং একই সঙ্গে বাবার আইনজীবী হিসেবে ফ্লাভিওর অধিকার ক্ষুণ্ন হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচন উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে জাইর বলসোনারো দোষী সাব্যস্ত হন। আদালত তাকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দেন। ওই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর বলসোনারোর সমর্থকেরা ২০২৩ সালের জানুয়ারিতে সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালান। তবে বলসোনারো কখনোই নির্বাচনে পরাজয় স্বীকার করেননি এবং শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি ন্যায়সঙ্গত বিচার পাননি।

স্বাস্থ্যগত কারণ বিবেচনায় সাজা ভোগের জন্য তাকে কারাগারের পরিবর্তে গৃহবন্দি থাকার অনুমতি দেওয়া হয়। ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে এখনো প্রভাবশালী বলসোনারো ইতোমধ্যে তার জ্যেষ্ঠ ছেলে ফ্লাভিওকে নিজের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে সমর্থন জানিয়েছেন।

তবে সাম্প্রতিক মাসগুলোতে ফ্লাভিওর নির্বাচনী প্রচারণা নানা বিতর্কের মুখে পড়েছে। একটি বড় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত এক ব্যাংকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি সাবেক ফার্স্ট লেডি ও তার সৎমা মিশেল বলসোনারোর সঙ্গে প্রকাশ্য বিরোধও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র:আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement