সংবাদ শিরোনাম

হাসপাতালে চার সপ্তাহ, অবশেষে মুখ খুললেন ম্যাককনেল

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

হাসপাতালে চার সপ্তাহ, অবশেষে মুখ খুললেন ম্যাককনেল

আন্তর্জাতিক সংবাদ:

চার সপ্তাহ ধরে হাসপাতালে থাকার পর অবশেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর মিচ ম্যাককনেল। ৮৪ বছর বয়সী এই রিপাবলিকান নেতা জানিয়েছেন, পড়ে গিয়ে তিনি কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েছিলেন। তবে এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে জানান, হাসপাতালে নেওয়ার সময় তিনি অল্প সময়ের জন্য অচেতন ছিলেন। পরে চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তার মৃদু নিউমোনিয়াও ধরা পড়ে। বর্তমানে তিনি একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

ম্যাককনেল বলেন, চিকিৎসকদের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে তার কোনো হাড় ভাঙেনি, মাথায় আঘাতজনিত সমস্যা হয়নি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকও হয়নি। শরীরে কোনো টিউমার বা রক্তক্ষরণও পাওয়া যায়নি। তিনি জানান, এখন তিনি ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছেন, তবে এখনই সিনেটে ফিরতে পারছেন না।

তার এই অনুপস্থিতির মধ্যেই রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর ঘটনায় সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা সাময়িকভাবে কমে গেছে। বর্তমানে রিপাবলিকানদের উপস্থিত সদস্য ৫১ জন, আর ডেমোক্র্যাট ককাসের সদস্য ৪৭ জন। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা, সামরিক বাজেট বৃদ্ধি এবং বিভিন্ন মনোনয়ন অনুমোদনের ক্ষেত্রে রিপাবলিকানদের কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

কেন এতদিন নিজের স্বাস্থ্য নিয়ে কিছু বলেননি—এ প্রশ্নের জবাবে ম্যাককনেল বলেন, তার প্রজন্মের অনেক মানুষ বয়সজনিত দুর্বলতা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে তিনি জানিয়েছেন, সিনেটের কাজ তিনি এখনো তার স্টাফদের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন এবং মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করতে চান।

ম্যাককনেলের স্বাস্থ্যগত সমস্যার ইতিহাসও দীর্ঘ। ছোটবেলায় তিনি পোলিওতে আক্রান্ত হয়েছিলেন, যার প্রভাব এখনো তার হাঁটাচলায় রয়েছে। চিকিৎসকদের মতে, চলতি বছর তিনি একাধিকবার পড়ে গেছেন এবং বর্তমানে তাকে এমনভাবে ফিজিক্যাল থেরাপি দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আবার পড়ে যাওয়ার ঝুঁকি কমে।

১৯৮৪ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হওয়া ম্যাককনেল ২০০৭ সাল থেকে দীর্ঘ সময় রিপাবলিকানদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আগামী জানুয়ারির শেষে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তার ভাষায়, “জনগণ যে দায়িত্ব দিয়েছেন, সেই কাজ শেষ করেই আমি বিদায় নিতে চাই।”

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement