ফ্রান্সের দলে ‘ফরাসি নেই’ মন্তব্যে তোলপাড়, বিপাকে সাবেক স্পেন প্রধানমন্ত্রী
ক্রীড় ডেস্ক:
বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফ্রান্স ফুটবল দল নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। তার মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ ও ‘বর্ণবাদী ইঙ্গিতপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন স্পেন ও ফ্রান্সের একাধিক রাজনীতিক।
রোববার (১২ জুলাই ২০২৬) স্পেনের অনলাইন সংবাদমাধ্যম এল ডিবাতে প্রকাশিত এক মতামত নিবন্ধে রাজয় বলেন, ফ্রান্স জাতীয় দলে “কোনো ফরাসি খেলোয়াড় নেই”। বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার স্পেন ও ফ্রান্স মুখোমুখি হওয়ার আগে তার এই মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজয়ের বক্তব্যের সমালোচনা করে এক্সে লেখেন, “কেউ কেউ এখনো পদবি, জন্মস্থান বা গায়ের রং দিয়ে মানুষের পরিচয় নির্ধারণ করেন। স্পেন তাদের, যারা দেশকে ভালোবাসে এবং এর জন্য কাজ করে।”
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে রাজয়কে “পোস্ট-ফ্রাঙ্কো যুগের একজন বোকা” বলে আক্রমণ করেন। অন্যদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, এ ধরনের মন্তব্য “সম্পূর্ণ অগ্রহণযোগ্য”।
ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক নেতারাও রাজয়ের বক্তব্যের নিন্দা জানিয়েছেন। ফরাসি কমিউনিস্ট পার্টির নেতা ফাবিয়েন রুসেল বলেন, “তারা বারবার এই ঘৃণ্য বর্ণবাদ ছড়ানো বন্ধ করতে পারছে না।”
ফ্রান্সের দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ফ্রান্স দলের ২৬ জন খেলোয়াড়ই ফরাসি নাগরিক। তাদের মধ্যে ২৩ জন ফ্রান্সে জন্মেছেন, আর বিদেশে জন্ম নেওয়া তিনজনও ফরাসি নাগরিক।
ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়ালো বলেন, রাজয়ের মন্তব্যে “অসহনীয় বর্ণবাদী ইঙ্গিত” রয়েছে।