হরমুজ ঘিরে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন মোড়ে
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে উঠেছে। গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আর এর প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে।
রোববার রাতে ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ওপর আঘাত হেনেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এই পাল্টাপাল্টি হামলার কারণে জুনে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তী চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রেখেছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো খোলা রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে তারা প্রস্তুত।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয়। সংঘাতের প্রভাবে সোমবার এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২৬ ডলারে এবং যুক্তরাষ্ট্রের তেলের দাম একই হারে বেড়ে ৭৪ দশমিক ৫০ ডলারে পৌঁছায়।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র:বিবিসি