সংবাদ শিরোনাম

ব্যাংককের নাইটক্লাবে ভয়াবহ আগুনে ঝরল ২৭ প্রাণ

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ব্যাংককের নাইটক্লাবে ভয়াবহ আগুনে ঝরল ২৭ প্রাণ

আন্তর্জাতিক সংবাদ:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৬৩ জন। মধ্যরাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন ও ঘন ধোঁয়ার মধ্যে প্রাণ বাঁচাতে ছুটোছুটি করেন শতাধিক মানুষ।

রোববার দিবাগত রাত (১২ জুলাই ২০২৬) ব্যাংককের উত্তরের না লাদপ্রাও (Na Ladprao) নামের জনপ্রিয় একটি পাবে আগুনের ঘটনা ঘটে। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এখন পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, ওই সময় মঞ্চে গান গাওয়া এক সংগীতশিল্পীর ভাষ্য অনুযায়ী, স্টেজের পাশে থাকা একটি সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর বিদ্যুৎ চলে যায়, একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েক মুহূর্তের মধ্যেই পুরো পাব ঘন ধোঁয়ায় ঢেকে যায়।


তিনি আরও বলেন, নিহতদের অনেকের মরদেহ পাবের পেছনের দিকের শৌচাগারের কাছে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধোঁয়া থেকে বাঁচতে গিয়ে তারা সেখানে আটকা পড়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাবটির ভেতরে ভয়াবহ আগুন জ্বলছে এবং প্রধান দরজা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। প্রাণ বাঁচাতে অনেককে দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রকাশিত ছবিতে পাবের ভেতরের চেয়ার-টেবিলসহ পুরো অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা যায়।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement