সংবাদ শিরোনাম

প্যারিসের কাছে ভয়াবহ আগুন, ছুটে এলো দমকল বিমান

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

প্যারিসের কাছে ভয়াবহ আগুন, ছুটে এলো দমকল বিমান

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছেই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দক্ষিণ ফ্রান্স থেকে বিশেষ দমকল বিমান পাঠানো হয়েছে, যা এই অঞ্চলের জন্য একটি বিরল ঘটনা।

ফন্টেইনব্লো (Fontainebleau) বনের এই আগুনকে কর্মকর্তারা “অসাধারণ মাত্রার” ও “ভয়াবহ গতির” বলে বর্ণনা করেছেন। সোমবার ভোর পর্যন্ত আগুন প্রায় ৮০০ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে এবং এখনো বিস্তার লাভ করছিল।

প্যারিসের দক্ষিণ-পূর্বে প্রায় ৬০ কিলোমিটার দূরের এই বনাঞ্চলের আগুনের কারণে দেশটির প্রধান উত্তর-দক্ষিণ মহাসড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়। এতে গ্রীষ্মের প্রথম বড় ছুটির সময়ে ব্যাপক যানজট ও ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ফ্রান্সের জাতীয় অগ্নিনির্বাপক ফেডারেশনের কর্মকর্তা এরিক ব্রোকার্ডি জানান, প্যারিস অঞ্চলে আগুন মোকাবিলায় এর আগে কখনো দেশের তুলনামূলক গরম ও শুষ্ক দক্ষিণাঞ্চল থেকে দমকল বিমান পাঠানো হয়নি। আগুন নিয়ন্ত্রণে দুটি দমকল বিমান, দুটি হেলিকপ্টার এবং একটি পর্যবেক্ষণ বিমান কাজ করছে।

এদিকে ইউরোপজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে এটি চলতি বছরের তৃতীয় তাপপ্রবাহ। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে ট্যুর দ্য ফ্রান্স সাইক্লিং প্রতিযোগিতার একটি ধাপ ৩০ কিলোমিটার কমিয়ে দেওয়া হয়েছে।

তীব্র গরমের কারণে ফ্রান্সের তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, যাতে অতিরিক্ত গরম পানি নদীতে না ছাড়তে হয়। ইউরোপের অন্যান্য দেশেও দাবানল ছড়িয়ে পড়েছে; স্পেনের আলমেরিয়ায় ভয়াবহ আগুনে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

Advertisement
Advertisement
Advertisement