হরমুজ উত্তেজনায় তেলের দামে বিশ্বজুড়ে বড় লাফ
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সামরিক সংঘাতের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ারবাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও।
সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭৯.২৬ ডলারে পৌঁছেছে, যা ২২ জুনের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার সক্ষমতা কমাতে তারা ইরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরান সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি-তে হামলা চালিয়েছে।
জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে ইরানের পারস্য উপসাগর স্ট্রেইট কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, তাদের নির্ধারিত পথ ছাড়া হরমুজ প্রণালি অতিক্রম করলে কোনো জাহাজ নিরাপদ চলাচলের নিশ্চয়তা পাবে না।
নতুন করে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যেখানে যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এই পথ ব্যবহার করত, সেখানে সাম্প্রতিক সময়ে কয়েকটি নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র ৬ থেকে ৯টি জাহাজ চলাচল করেছে বলে সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড জানিয়েছে। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের শেষভাগে থাকতে পারে। তবে আগের মতো বড় মূল্যবৃদ্ধির সম্ভাবনা কম, কারণ বিশ্ববাজারে তেলের চাহিদা এখনও তুলনামূলক দুর্বল এবং অতিরিক্ত সরবরাহও রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার প্রভাবে সোমবার জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ শতাংশের বেশি এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৮ শতাংশের বেশি কমে যায়।
সূত্র: আলজাজিরা