জন্মদিনের সেরা উপহার সেমিফাইনাল জয়, ইয়ামালের প্রত্যাশাশা
ক্রীড়া ডেস্ক:
ডালাস, ১৪ জুলাই (এএফপি): ১৯তম জন্মদিনে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তুলতে চান লামিনে ইয়ামাল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে স্পেনের এই তরুণ ফরোয়ার্ড জানিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে তার কোনো ভয় নেই। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে স্পেন।
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয়ের পর ইয়ামালের একটি মন্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, সাম্প্রতিক সময়ে স্পেনের কাছে একাধিকবার হারের অভিজ্ঞতা থাকায় ভয় পাওয়ার কথা ফ্রান্সের, স্পেনের নয়।
সোমবার সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ইয়ামাল বলেন, "আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটি শুধু একটি ফুটবল ম্যাচ।"
জন্মদিন উপলক্ষে নিজের জন্য হীরাখচিত একটি ভারী নেকলেস কিনেছেন বলে জানান বার্সেলোনার এই ফরোয়ার্ড। তবে তার ভাষায়, প্রকৃত জন্মদিনের উপহার হবে সেমিফাইনালে জয় এবং নিউইয়র্কে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ।
ইয়ামাল বলেন, "এখনও খুব বেশি উপহার পাইনি। তবে মঙ্গলবার জয় পেলে এবং নিউইয়র্কে যেতে পারলে সেটিই হবে আমার সেরা উপহার।"
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন ইয়ামাল। তবে ফ্রান্সের বিপক্ষে গোল করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।
তার ভাষায়, "গোল নিয়েই আমি সব সময় ভাবি না। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করতে পারলে সেটি অবশ্যই বিশেষ কিছু হবে। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। এ কারণেই এখানে এসেছি।"
তিনি আরও বলেন, "এটি এমন একটি ম্যাচ, যার অপেক্ষায় সবাই ছিল। দর্শকদের জন্য এটি দারুণ একটি লড়াই হবে।"
বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চেও নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করছেন ইয়ামাল।
তিনি বলেন, "জীবনে ফুটবল ম্যাচের চেয়েও কঠিন অনেক পরিস্থিতি রয়েছে। তাই আমি শান্ত আছি। অতিরিক্ত কোনো চাপ অনুভব করছি না। সব সময়ের মতোই খেলব এবং দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।"
এদিকে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ও বল দখলভিত্তিক ফুটবলই খেলতে চান তারা। তার মতে, প্রতিপক্ষের শক্তিকে মোকাবিলা করার পাশাপাশি নিজেদের সামর্থ্যও পুরোপুরি কাজে লাগাতে হবে।
তিনি বলেন, "ফ্রান্সকে আমরা ভালোভাবেই চিনি। তাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে, তবে আমাদের দলেও মানসম্পন্ন ফুটবলার আছে। ম্যাচে নিজেদের শক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং প্রতিপক্ষের শক্তিকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। সাধারণত যে দল এই ভারসাম্য ভালোভাবে বজায় রাখতে পারে, জয়ের সম্ভাবনাও তাদেরই বেশি থাকে।"
দে লা ফুয়েন্তে জানান, সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের খেলোয়াড়রা আরও পরিণত হয়েছে। তাই গত বছরের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের ৫-৪ গোলের জয়ের সঙ্গে এবারের লড়াইয়ের তুলনা করা ঠিক হবে না।
তিনি বলেন, "এটি সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। আমরা আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রাখতে চাই, তবে যেসব ভুল ছিল সেগুলো আর করতে চাই না। তখন আমরা ৫-১ গোলে এগিয়ে ছিলাম, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে ব্যবধান ৫-৪ হয়ে যায়। তাই এবার শুরু থেকেই নিজেদের খেলাটা চাপিয়ে দিতে হবে।"
স্পেন কোচের মতে, দুই বছর আগের তুলনায় বর্তমান ফ্রান্স দল আরও শক্তিশালী।
তার ভাষায়, "আমার বিশ্বাস, তারা এখন অনেক ভালো দল। খেলোয়াড়রা অভিজ্ঞ হয়েছে এবং আগের চেয়ে আরও উন্নত ফুটবল খেলছে। এটাই বাস্তবতা।"
সেমিফাইনালের আগে নিজের খেলোয়াড়দের উদ্দেশে শেষ বার্তা সম্পর্কেও জানান দে লা ফুয়েন্তে। তিনি বলেন, "মাঠে নেমে উপভোগ করো। এমন সুযোগ বারবার আসে না। আমরা যে দল হতে পারি, সেটিই হয়ে খেলতে হবে। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তিরও কার্যকর জবাব দিতে হবে।"