স্পেন-বেলজিয়াম মহারণ, সেমিফাইনালের টিকিট কার হাতে
ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের শেষ আটে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। একদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন, অন্যদিকে আত্মবিশ্বাসে উজ্জ্বল বেলজিয়াম। এই লড়াইয়ের জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে অপেক্ষা করছে ফ্রান্স।
শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে মরিয়া স্পেন। অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে বড় চমক দেখাতে চায় বেলজিয়াম।
গ্রুপ পর্বে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে ওঠে স্পেন। এরপর শেষ ৩২-এ অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর পর শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা। টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে কোনো গোল না খেয়ে নতুন ইতিহাসও গড়েছে স্প্যানিশরা।
অন্যদিকে গ্রুপ ‘জি’ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠা বেলজিয়াম শেষ ৩২-এ অতিরিক্ত সময়ে সেনেগালকে ৩-২ গোলে হারায়। পরে শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেয় দলটি। স্ট্রাইকার রোমেলু লুকাকু তিন গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা, আর লিয়ান্দ্রো ট্রোসার্ড করেছেন দুই গোল ও দুটি অ্যাসিস্ট।
বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, স্পেনকে হারানোর সামর্থ্য তাদের আছে। তাঁর ভাষায়, দলের সবাই বিশ্বাস করে তারা বড় অঘটন ঘটাতে পারে। অন্যদিকে স্পেনের মিডফিল্ডার দানি ওলমো জানিয়েছেন, তরুণ তারকা লামিনে ইয়ামাল গোল কম পেলেও দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পরিসংখ্যান বলছে, অপ্টা সুপারকম্পিউটারের হিসাবে নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ, বেলজিয়ামের ১৮.৩ শতাংশ। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২২.৪ শতাংশ।
এই ম্যাচের জয়ী দল আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিত সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালের এই মহারণ তাই দুই দলের জন্যই হতে যাচ্ছে ‘বাঁচা-মরার’ লড়াই।