জনগণের মতামত নিয়েই আগামীর খুলনার পরিকল্পনা, বললেন বক্তারা
খুলনা ব্যুরো :
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) উদ্যোগে ১১ জুলাই শনিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, খুলনা শুধু একটি প্রশাসনিক অঞ্চল নয়; এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও শিল্পের অন্যতম কেন্দ্র। শিল্পনগরী হিসেবে যাত্রা শুরু করা খুলনার বর্তমান অবস্থানে পৌঁছাতে কেডিএ দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। তবে ভবিষ্যতের উন্নয়নকে আরও কার্যকর ও টেকসই করতে হলে জনগণের অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।
বক্তারা বলেন, আগামীর খুলনা হতে হবে উন্নত যোগাযোগব্যবস্থা, পরিকল্পিত আবাসন, কার্যকর জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ পরিবেশসমৃদ্ধ একটি স্মার্ট নগরী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এখন থেকেই দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।
সভায় কেডিএ খুলনার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র ও উপস্থাপনা প্রদর্শন করে।
কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। তিনি বলেন, সরকারি কোনো উন্নয়ন পরিকল্পনা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন সেখানে জনগণের মতামত ও প্রত্যাশা প্রতিফলিত হয়। এ ধরনের উন্মুক্ত মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে পরিকল্পিত ও উন্নত খুলনা আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার।
কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম সংস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা খুলনা অঞ্চলের উন্নয়ন, নগর ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, অবকাঠামো ও পরিবেশসংক্রান্ত সমস্যা এবং সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।
সভায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা কেডিএ চেয়ারম্যানের কাছে উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবসংবলিত একটি লিখিত স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া এবং খুলনাবাসীর মতামত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।