মাথাভাঙ্গায় জলাবদ্ধতা রোধে আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু
খুলনা ব্যুরো :
খুলনা নগরীর জলাবদ্ধতা নিরসনে মাথাভাঙ্গার আলুতলা স্লুইচ গেট (দশগেট) সংস্কার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
রোববার (১২ জুলাই) সকালে তিনি মাথাভাঙ্গায় গিয়ে পুরোনো ও জরাজীর্ণ আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সম্প্রতি গেটটির একটি অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করে কেসিসি।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, গত তিন দিনের টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও অধিকাংশ স্থানের পানি ইতোমধ্যে নেমে গেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে নগরীতে জলাবদ্ধতা এড়াতে তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, কেসিসির কর্মকর্তা-কর্মচারীরা ড্রেন ও খালের বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। পাশাপাশি পর্যায়ক্রমে নগরীর সব স্লুইচ গেট সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত আলুতলা স্লুইচ গেটের সংস্কারকাজ আগামী চার দিনের মধ্যে শেষ হবে।
পরিদর্শন শেষে প্রশাসক দশগেট এলাকা ছাড়াও ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচরা এলাকার ড্রেনেজ ব্যবস্থা, পানির প্রবাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।