ফেসবুক পেজে পণ্যের টোপ, অর্থ আত্মসাৎ; বাগেরহাটে তরুণ গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
ফেসবুকে পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনার সাইবার ক্রাইম ইউনিট।
গ্রেপ্তার হওয়া সৌরভ শেখ (২২) বাগেরহাট সদর উপজেলার কালিয়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৯ জুলাই) অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৌরভের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, সাতটি সিম কার্ড (তিনটি আলাদা ও চারটি মোবাইলে সংযুক্ত) এবং নগদ ৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ স্বীকার করেছেন, তিনি প্রায় ছয় মাস ধরে ফেসবুকে একটি পেজ পরিচালনা করে বিভিন্ন পণ্যের অর্ডার নিতেন। তবে অর্ডার করা পণ্য সরবরাহ না করে কৌশলে ক্রেতাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতেন।
পুলিশ জানিয়েছে, প্রতারণা চক্রের সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং এ ধরনের আরও অভিযোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।