বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উত্তাপ, মিসরের বিস্ফোরক অভিযোগ
ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের শেষ আটের লড়াই নিশ্চিত হয়েছে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিং, ভিএআর সিদ্ধান্ত এবং ফিফাকে ঘিরে নতুন বিতর্কে টুর্নামেন্ট এখন তুমুল আলোচনায়।
রাউন্ড অব ১৬ শেষে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স, মরক্কো, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। সূচি অনুযায়ী ৯ জুলাই ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ১০ জুলাই স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে। ১১ জুলাই নরওয়ে-ইংল্যান্ড এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হবে।
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে মিসরের ৩-২ ব্যবধানে হারের পর। ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে মিসরের একটি গোল বাতিল করা হয়। এরপরই ম্যাচের মোড় ঘুরে যায় এবং আর্জেন্টিনা জয় তুলে নেয়। মিসরের প্রধান কোচ হোসাম হাসান অভিযোগ করেন, ম্যাচ পরিচালনায় পক্ষপাত ছিল এবং বিশ্বচ্যাম্পিয়নদের সুবিধা দেওয়া হয়েছে। এমনকি তিনি ইঙ্গিত দেন, লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখার চাপও থাকতে পারে।
এদিকে এর আগেই যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘটনায় ফিফা সমালোচনার মুখে পড়ে। অভিযোগ ওঠে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বালোগুন বেলজিয়ামের বিপক্ষে খেললেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হেরে বিদায় নেয়।
আরও একটি আলোচিত ঘটনায় আর্জেন্টিনা-মিসর ম্যাচে এক আর্জেন্টাইন সমর্থককে ইসরায়েলের পতাকা ওড়াতে দেখা যায়। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এটি মিসরের কোচ হোসাম হাসানের প্রতি রাজনৈতিক বার্তা বা উসকানিমূলক ইঙ্গিত হতে পারে। অন্যদিকে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা—টিম ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেলকে সাময়িক বরখাস্ত করে ফিফা। তবে এ সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।