সংবাদ শিরোনাম

ফ্রান্স ম্যাচের আগে মরক্কোর বড় ধাক্কা সাইবারি ছিটকে

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন   |   খেলাধুলা

ফ্রান্স ম্যাচের আগে মরক্কোর বড় ধাক্কা সাইবারি ছিটকে

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে মরক্কো। দলের সবচেয়ে আলোচিত ফরোয়ার্ড ইসমাইল সাইবারি চোট কাটিয়ে উঠতে না পারায় ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। এতে নকআউট লড়াইয়ের আগে মরক্কোর পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে।

 বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। তবে শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ইসমাইল সাইবারি এখনও পুরোপুরি সুস্থ নন। বুধবার সংবাদ সম্মেলনে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি নিশ্চিত করেছেন, এই ম্যাচের জন্য সাইবারি প্রস্তুত নন।

ওয়াহবি বলেন, দলের বাকি সব খেলোয়াড় শতভাগ ফিট থাকলেও সাইবারির জন্য এই ম্যাচটি খুব দ্রুত চলে এসেছে। তবে তিনি আশা করছেন, মরক্কো সেমিফাইনালে উঠতে পারলে সাইবারি আবারও মাঠে ফিরতে পারবেন।

এবারের বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও নেন। সম্প্রতি তিনি ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন ছেড়ে ৫ কোটি ইউরো (প্রায় ৫ কোটি ৭০ লাখ ডলার) ট্রান্সফার ফিতে পাঁচ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন

কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন সাইবারি। তার বদলি হিসেবে নামা স্ট্রাইকার সুফিয়ান রহিমি দলের তৃতীয় গোলটি করেন। এবার ফ্রান্সের বিপক্ষেও তার ওপর বাড়তি দায়িত্ব পড়তে পারে।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরেছিল মরক্কো। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। তবে কোচ ওয়াহবি স্পষ্ট করে জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের শেষ লক্ষ্য নয়। তার ভাষায়, “আমরা শুধু ভালো খেলেই সন্তুষ্ট নই। আমাদের লক্ষ্য ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ওঠা।”

অন্যদিকে, মরক্কোর তারকা ব্রাহিম দিয়াজও আত্মবিশ্বাসী। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বলেছেন, ফ্রান্স টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হলেও মরক্কো প্রমাণ করেছে তারা যেকোনো দলের সঙ্গে সমানতালে লড়াই করতে পারে। ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে নামার আগে তিনি জানিয়েছেন, নিজের দলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement