সংবাদ শিরোনাম

কুয়েটে জাতীয় ম্যাথ অলিম্পিয়াডে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন   |   খুলনা

কুয়েটে জাতীয় ম্যাথ অলিম্পিয়াডে সাফল্য অর্জনকারী  শিক্ষার্থীদের সংবর্ধনা

খুলনা ব্যুরো :

জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডে (খুলনা অঞ্চল) কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। একই অনুষ্ঠানে গণিতচর্চা ও ম্যাথ ক্লাবের কার্যক্রমে অবদানের জন্য কুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি শাহরিয়ার সাজ্জাদ সজল এবং সাধারণ সম্পাদক মোস্তফা আদীব চৌধুরীকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা অঞ্চল) ২০২৫-এ কুয়েটের শিক্ষার্থীরা একাধিক শীর্ষস্থান অর্জন করেন। প্রতিযোগিতায় দ্বিতীয় হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ফারজামুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তফা আদীব চৌধুরী। এছাড়া পঞ্চম হন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অঙ্কন হালদার, সপ্তম স্থান অর্জন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সানজানা চৌধুরী, অষ্টম হন শাহরিয়ার সাজ্জাদ সজল, নবম স্থান অর্জন করেন সাম্য বাছাড় এবং দশম হন সিএসই বিভাগের নিশাদুজ্জামান নিশাদ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, গণিত শুধু একটি বিষয় নয়; এটি যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা এবং উদ্ভাবনী সক্ষমতার ভিত্তি। জাতীয় পর্যায়ের এ অর্জন কুয়েটের একাডেমিক উৎকর্ষ, শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি। এ ধরনের সাফল্য ভবিষ্যৎ শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, গবেষণা এবং সৃজনশীল উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. হাসান আলী, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মো. মাহমুদুল আলম, সহকারী পরিচালক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ, অলিম্পিয়াডের কুয়েট মডারেটর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. এম. এম. তাওহিদ হোসেন এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, প্রকৌশল শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে গণিতভিত্তিক বিশ্লেষণী দক্ষতার বিকল্প নেই। জাতীয় ম্যাথ অলিম্পিয়াডে কুয়েটের সাফল্য বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, গবেষণামুখী পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতারই প্রতিফলন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে উপাচার্য তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও কুয়েট ম্যাথ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে স্মারক আলোকচিত্র ধারণ করা হয়।



Advertisement
Advertisement
Advertisement