সংবাদ শিরোনাম

খুলনায় ‘নাশকতার নীলনকশা’র অভিযোগ, গোয়েন্দা নদজরদারিতে ৬০ নেতা

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ‘নাশকতার নীলনকশা’র অভিযোগ, গোয়েন্দা নদজরদারিতে ৬০ নেতা

খুলনা ব্যুরো :

খুলনা মহানগর ও জেলায় সাম্প্রতিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ উঠেছে। একটি বিশেষ সংস্থার তথ্যের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অর্থায়ন, ভার্চুয়াল নির্দেশনা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগে প্রায় ৬০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরীতে অনুষ্ঠিত ঝটিকা মিছিলকে ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়। অভিযোগ অনুযায়ী, কয়েকজন প্রভাবশালী নেতা অর্থায়ন ও নির্দেশনা দিয়েছেন, আর অন্য একটি অংশ মাঠপর্যায়ে কর্মীদের সংগঠিত করেছেন।

অনুসন্ধানে উঠে এসেছে, খুলনা সদর থানা যুবলীগের সদস্য ফয়জুল ইসলাম টিটো মিছিলের অর্থায়নের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি নগরীর ভেতরে আত্মগোপনে রয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের তালিকায় সাবেক ও বর্তমান আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ সরবরাহ, ভার্চুয়াল নির্দেশনা, কর্মী সমাবেশ এবং সরাসরি মিছিলে অংশ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, খুলনায় যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে এবং সুনির্দিষ্ট প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি। ফলে বিষয়টি তদন্তাধীন বলেই সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement