সংবাদ শিরোনাম

আওয়ামী লীগ সরকার সম্ভাবনাময় পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছে -- বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

আওয়ামী লীগ সরকার সম্ভাবনাময় পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছে       -- বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ, ৩ শ্রাবণ (১৮ জুলাই): 

আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পর সম্ভাবনাময় পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছে; সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনকালে  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একথা বলেন।

আজ সিরাজগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী  মোঃ শরীফুল আলম।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী তাঁর বক্তব্যে জুলাই শহিদদের স্মরণ করে বলেন, তাদের আত্মাহুতির ফলে আমরা বাধাহীনভাবে  ভোট দিতে পেরেছি; কেউ আমাদের ধমক দিতে আসেনি; দিনের ভোট রাতে হয়নি;একটি সুষ্ঠু নির্বাচনের  মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি। তাই আমরা এই দেশটাকে গড়তে চাই। 

জ্বালানি মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ তাঁতশিল্পের জন্য প্রসিদ্ধ। ঐতিহ্যবাহী তাঁতের গামছা ও লুঙ্গি এখনো টিকে থাকলেও তাঁতের  শাড়ি আজ হারিয়ে যেতে বসেছে। এই দেশীয় ঐতিহ্য ফিরিয়ে আনার তাগিদ দেন মন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্মিত  তাঁত প্রশিক্ষণ কেন্দ্র তাঁতিদের জন্য  সম্ভাবনার দ্বার খুলে দেবে। এখানে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তাঁতিরা ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ীতে পরিণত হতে পারবেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের দেশের মেয়েদের সুক্ষ্ণ হাতের কাজের সুনাম আছে। তাই, মেয়েদের নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানোর জন্য মন্ত্রী  অভিভাবকদের অনুরোধ করেন। তিনি বলেন,  কর্মসংস্থান সৃষ্টির জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।

বিশেষ অতিথি বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, বাংলাদেশের তাঁতশিল্পের অন্যতম প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের নবনির্মিত এই তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার  দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, উদ্ভাবনী নকশার বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। এখান থেকে অর্জিত প্রশিক্ষণ,  দক্ষতা কাজে লাগিয়ে তরুণ-তরুণী ও তাঁতিরা কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ পাবেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসন এর কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।




Advertisement
Advertisement
Advertisement