মানিকগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন পর্যটনমন্ত্রী
মানিকগঞ্জ, ১৬ জুলাই:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মানিকগঞ্জের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত এবং মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের শুভেচ্ছা জানিয়ে আফরোজা খানম বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই তাকে দায়িত্ব পালনের অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্নত, নিরাপদ ও সম্প্রীতির মানিকগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি নিজের জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন, যাতে মানুষের প্রত্যাশা পূরণে সফলভাবে দায়িত্ব পালন করতে পারেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।