সংবাদ শিরোনাম

বাংলাদেশকে বিশ্বমানের ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশকে বিশ্বমানের ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

নওগাঁ, ১৮ জুলাই:
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র বা ‘এডুকেশন হাব’ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ও উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে আসতেন। বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে। এই ধারা বদলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হয়।

তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং দেশ একটি বৈশ্বিক শিক্ষা গন্তব্যে পরিণত হবে।

ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। দেশের বিপুল জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আঞ্চলিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার অর্থনীতি ও সম্পদের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। নওগাঁ যেহেতু আমসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্য সমৃদ্ধ, তাই ভবিষ্যতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজিসহ কৃষি ও খাদ্যভিত্তিক আধুনিক বিষয় চালুর সুযোগ রয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় নওগাঁ জেলার বিভিন্ন সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement