সংবাদ শিরোনাম

বন্যাকবলিত ৭ জেলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮,৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ, ত্রাণ কার্যক্রম অব্যাহত

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন   |   জাতীয়

বন্যাকবলিত ৭ জেলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮,৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ, ত্রাণ কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে দেশের সাতটি জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নগদ অর্থ ও খাদ্যসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রণালয়ের প্রকাশিত বন্যা পরিস্থিতি বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ

প্রতিবেদন অনুযায়ী, এসব জেলার মোট ৫৭টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন ঘটনায় ৫৭ জনের মৃত্যু এবং ৪০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

দুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১১১টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে এসব আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ৭৯ জন মানুষ অবস্থান করছেন।

মন্ত্রণালয় জানায়, গত ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সারাদেশে মানবিক সহায়তা হিসেবে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সাত জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল। এছাড়া দেশের অন্যান্য ৫৭টি জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রমও অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement