খুবি'র নারী হলের ওয়াশরুমে গোপন ভিডিওর অভিযোগ, বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
খুলনা ব্যুরো :
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে (২৪) আটক করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পান আবাসিক শিক্ষার্থীরা। পরে বিষয়টি অনুসন্ধান করে হলের ক্যান্টিনে প্রায় দুই বছর ধরে কর্মরত ক্যান্টিন মালিকের ছেলে ইমাম হাসানকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তের মোবাইল ফোনে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেওয়া হতো। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীরও পূর্ব থেকে জানাশোনা ছিল বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার পর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার রাতেই যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু বিচার এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার দুপুরে হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন পকেট গেট এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, যৌন হয়রানির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতেও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তাই এবার দৃশ্যমান বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ বিষয়ে বিজয় ’২৪ হলের প্রভোস্ট বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে জানানো হবে।