খুলনা প্রেসক্লাবের সধারণ সম্পাদকের মায়ের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
খুলনা ব্যুরো
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর–এর সম্পাদক এবং এখন টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলামের মা শিরিনা বেগমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বাদ আসর নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তরিকুল ইসলামের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাব জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইউনুচ হাবিব।
দোয়া মাহফিলে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা প্রেসক্লাবের সহসভাপতি মো. সোহরাব হোসেন ও মো. জাহিদুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে শিরিনা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই সকাল সোয়া ১০টার দিকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শিরিনা বেগম ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।