সংবাদ শিরোনাম

খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদে হামলা, পরে মিথ্যা মামলার অভিযোগ

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে   মাদকের বিরুদ্ধে প্রতিবাদে হামলা, পরে মিথ্যা মামলার অভিযোগ

খুলন ব্যুরো :

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকায় মাদকের প্রতিবাদ করায় হামলা এবং পরে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল হাকিম খান। এ সময় তার ছোট ছেলে আব্দুল নয়ন খান ও মামাতো ভাই মো. রাসেল তালুকদার উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আব্দুল হাকিম খান দাবি করেন, গত ২ জুলাই বিকেলে কে কে পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাসলিমা বেগমের ছেলে মাহিম মাদক সেবন করছিলেন। বিষয়টির প্রতিবাদ করলে তার ছেলে আব্দুল নয়ন খানের ওপর হামলা চালানো হয়। ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তিনি অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তিনি আরও বলেন, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে কে পোলেরহাট বাজারে মুন্না খানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই ঘটনার পর তাসলিমা বেগম বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ ৪ জুলাই ২০২৬)। এতে আব্দুল হাকিম খানের চাচাতো ভাই কামাল খান, ছেলে আব্দুল নয়ন খান এবং প্রতিবেশী আব্দুল কালামকে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কাটাবুনিয়া গ্রামে তাসলিমা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সংবাদ সম্মেলনে আব্দুল হাকিম খান আরও অভিযোগ করেন, স্থানীয় মুন্না খান সম্প্রতি কাবুল মোল্যা হত্যা মামলায় কারাভোগ শেষে এলাকায় ফিরে আবারও মাদক ব্যবসা পরিচালনা করছেন। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। এ পরিস্থিতি থেকে এলাকাবাসীকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement