সংবাদ শিরোনাম

খুলনায় র‌্যাবের আভিযানে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধার গ্রেপ্তার ২

 প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় র‌্যাবের আভিযানে  বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধার গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাদের মধ্যে নাজিম ওরফে নাদিম (৩০) স্থানীয়ভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত বলে দাবি করেছে র‌্যাব। অপর গ্রেপ্তার ব্যক্তি মো. মাসুদ রানা (৩৭)।

শুক্রবার ২৪ জুলাই বেলা আনুমানিক পৌঁণে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার নাজিমের বাড়ি লবণচরা থানার আমতলা এলাকায়। তার বাবার নাম শাহজাহান। অপর আসামি মাসুদ রানার বাড়ি ইসলামপাড়ায়। তার বাবার নাম আব্দুর রহমান মিয়াজি।

অভিযান চলাকালে নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা আলামত আইনানুগভাবে জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

র‌্যাব-৬ আরও জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে গ্রেপ্তার দুই আসামিকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

Advertisement
Advertisement
Advertisement