পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
অনলাইন ডেস্ক
দীর্ঘদিনের
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
তার পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ
উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
শুক্রবার বিকেলে
জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন,
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে
তার কাছে পৌঁছায় এবং তিনি তা গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে
স্পিকার বলেন, "আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের ৫৪
অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব আমি গ্রহণ করেছি।"
রাষ্ট্রপতির
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্পিকার জানান, মো. সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে
নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। স্বাস্থ্যগত অবনতির কারণে রাষ্ট্রের সর্বোচ্চ
সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব নয়—এমন উপলব্ধি থেকেই তিনি পদত্যাগের
সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন,
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের নির্দেশনা অনুযায়ী দায়িত্বের ধারাবাহিকতা
বজায় রাখতে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লেখ্য, মো.
সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংবিধানিক বিধান
অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল।